দ্য সান-এর প্রতিবেদন, ইংল্যান্ডের তারকা ডেলে আলি এখন ইংল্যান্ডের অষ্টম স্তরের লিগ দল উইন্ডসর অ্যান্ড ইটনের সঙ্গে অনুশীলন করছেন। পেশাদার মাঠে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, ৩০ বছর বয়সী আলির এক বছরের বেশি সময় ধরে খেলার সুযোগ নেই। এখন তিনি পেশাদার ফুটবলে ফেরার পরিকল্পনা জোরদার করছেন। গত কয়েক সপ্তাহে গুঞ্জন, আলি কোনো ইংলিশ ক্লাবে যোগ দিতে পারেন। রেক্সহাম, বার্মিংহামসহ একাধিক দলের সঙ্গে তাঁর স্থানান্তরের গুঞ্জন হয়েছে।
এ ছাড়া লিগ টু দল বার্নেটকেও আলির সম্ভাব্য পরের ঠিকানা ধরা হচ্ছে। বার্নেটের প্রধান কোচ ব্রেনান এ নিয়ে বলেন: "আমার মালিক যদি বলেন, 'তুমি আলিকে সই করাতে পারো', আমি তাঁর জন্য লন্ডন ম্যারাথন দৌড়ব, যদিও আমি প্রায় ২০ বছর দৌড়োইনি। যা-ই দিতে হয়, আলিকে সই করাতে পারলে আমি রাজি, কারণ তিনি খুব প্রতিভাবান খেলোয়াড়।"